এন্ড্রয়েড বা স্মার্টফোন আজকাল আর শুধু ফোন নয়। এতে এখন প্রায় কম্পিউটারের সব কাজ করা যায়। নতুন নতুন প্রযুক্তির উৎকর্ষে আজকাল কিছু কিছু এন্ড্রয়েড ফোনের প্রসেসর ও র্যাম অনেকের কম্পিউটারের থেকেও বেশি হয়ে থাকে। এখনকার একটা স্মার্ট ফোনের সব ফিচার জানতে বা চালাতে রীতিমত ইন্জিনিয়ারিং জ্ঞান থাকতে হয়। কিন্তু আপনি যদি সঠিকভাবে এই শক্তিশালী ডিভাইসগুলো ব্যবহার করতে না পারেন, তবে মনে রাখবেন বিপত্তি আপনার ঘরের দরজায়।
🔰 আজকের পোস্টে আমরা মন কিছু কৌশল জানব যা আপনার এন্ড্রয়েড ফোনকে নিরাপদ রাখতে সহায়তা করবে।
👉 নিয়মিত আপডেট
অনেকে ডেটা খরচ করার ভয়ে অনেকে এন্ড্রয়েড ওএস এবং অ্যাপস আপডেট করতে চান না। কিন্তু এটা ডিভাইস ও আপনার তথ্যের গোপনীয়তার জন্য মারাত্নক হুমকি হতে পারে । বিভিন্ন সময় বিভিন্ন অপারেটিং সিস্টেম ও অ্যাপের কোডে ভুলত্রুটি ধরা পড়ে যা আপডেটে ঠিক করা হয়। আপনি আপডেট না করলে ত্রুটি গুলো থেকেই যায় যা সাইবার হামলাকারীরা লুফে নেয়। এছাড়া নতুন ফিচারও যোগ করা হয়।
👉 ফোন লক করে রাখুন
আপনি যদি আপনার ফোন লক না করেন, তাহলে এর বিপদ টের পাবেন তখনই, যখন আপনার ফোনটি চুরি হয়ে যাবে, কিংবা অন্য কোনোভাবে বেহাত হবে। সেই দুর্দিনের অপেক্ষা না করে এখনই ফোন লক করে রাখুন।
👉 শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করুন
এন্ড্রয়েড ফোনের জন্য অফিসিয়াল সোর্স হচ্ছে গুগল প্লে স্টোর। বাইরে থেকে এপিকে ফাইল এনে ফোনে ইনস্টল করলে নিজের অজান্তেই ভাইরাসের কবলে পড়তে পারেন। তাই প্লে স্টোরেই ব্যবহার করুন।
👉 এনক্রিপশন ব্যবহার করুন
এন্ড্রয়েড ফোনের ইন্টারনাল ও এক্সটেন্ডেড স্টোরেজ পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করে রাখুন। তাহলে পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ কোনোভাবেই আপনার ফোনের কোনো ডেটা এক্সেস করতে পারবেনা। এনক্রিপ্ট না করলে ফোনের মেমোরি কার্ড অথবা ইন্টারনাল স্টোরেজে থাকা তথ্য সহজেই বের করে আনা সম্ভব। এনক্রিপশন চালু করতে স্মার্টফোনের সেটিংসের সিক্যুরিটি সেকশন দেখুন।
👉 পাসওয়ার্ড ম্যানেজমেন্ট
অনেকেই ফোনের মধ্যে নোটস অ্যাপে বিভিন্ন অনলাইন সেবার ইউজার আইডি ও পাসওয়ার্ড লিখে রাখেন। এভাবে গোপনীয় ডেটা সংরক্ষণ করলে তা বেহাত হওয়ার বড় ধরনের আশঙ্কা থাকে। বরং কোনো পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ব্যবহার করুন (যেমন লাস্টপাস)।
👉 অব্যবহৃত অ্যাপ আনইনস্টল করুন
যদি এমন হয়, আপনি একটি অ্যাপ ব্যবহার করছেন না, তাও এটি ফোনে ইনস্টল করা আছে, তাহলে সবচেয়ে ভাল হয় যদি আপনি অ্যাপটি রিমুভ করে ফেলেন। কারণ বিভিন্ন অ্যাপ আপনার ডিভাইসের বিভিন্ন পারমিশন চায়। যত কম অ্যাপ ইনস্টল করবেন, ডিভাইস হ্যাক হওয়ার ঝুঁকিও তত কম থাকবে।
👉 অপ্রয়োজনীয় কানেকশন বন্ধ রাখুন
যখন দরকার হচ্ছেনা তখন ফোনের মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ এসব কানেকশন বন্ধ করে রাখুন। এগুলো যেমন আপনার ফোনের ব্যাটারি বাঁচাবে, তেমনি ব্লুটুথ ও ওয়াইফাই হ্যাকের ঝুঁকি থেকেও রক্ষা করবে।

No comments: